সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এ বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জোনায়েদ কবির, প্রকৌশল অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেলের (আরআইএমসি) পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অন্যদিকে জাইকার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শোজি আকিহিরো ও প্রকল্প সমন্বয়ক কাতসুকি নাহো। তারা বর্তমানে “আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস” শীর্ষক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
জাইকার প্রতিনিধিরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা সহায়তা এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ ধরনের সহযোগিতা বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এই আলোচনা রাবিপ্রবির আইসিটি খাতে অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাপানের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বাংলাদেশের ক্রমবর্ধমান আইসিটি খাতের সমন্বয়ে ভবিষ্যতে যৌথ গবেষণা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।
এসআর
মন্তব্য করুন: