[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন। তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এ ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে, যা বন্ধ করতে হবে।


জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। একই সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া কিছু সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।


ঘটনার ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। পুরো ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর