[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩২ পিএম

সংগৃহীত ছবি

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য ও গড়িমসির অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে কর্মচারীরা অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন। বিভিন্ন দপ্তরের বিপুল সংখ্যক কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।


বিক্ষোভ চলাকালে কর্মচারীরা নবম পে-স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে নানা স্লোগান দেন। স্লোগানগুলোতে ন্যায্য মজুরি, বৈষম্যের অবসান এবং শ্রমজীবী কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।


কুবি কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, ২০১৮ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণার পর থেকেই কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘ আন্দোলনের ফলেই নবম পে-স্কেলের দাবি উঠে আসে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করলেও এখনো বৈষম্য দূর হয়নি; বরং নতুন করে অসামঞ্জস্য তৈরি হয়েছে।


চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, ন্যায্য প্রাপ্যের দাবিতে রাস্তায় নামতে হওয়া কর্মচারীদের জন্য লজ্জার বিষয়। তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন করছেন না; বরং ন্যূনতম অধিকার আদায়ের জন্য বাধ্য হয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সহ-সভাপতি এ কে এম কামরুল হাসান বলেন, এই আন্দোলন কোনো একক গোষ্ঠীর নয়, বরং সব কর্মচারীর সম্মিলিত দাবি। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর