কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন তিনটি রুটে বাস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) কুবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ক্যাম্পাস থেকে ঢাকা, লাকসাম ও চৌদ্দগ্রাম রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস চালুর দাবি জানানো হয়। শিক্ষার্থীদের মতে, এসব রুটে বাস চালু হলে নিয়মিত যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে।
আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ বলেন, দীর্ঘদিন ধরেই এ তিনটি রুটে বাস চালুর দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
লাকসাম ও চৌদ্দগ্রাম এলাকায় বসবাসকারী অনেক শিক্ষার্থী নিয়মিত ক্যাম্পাসে যাতায়াত করেন। এসব রুটে বাস চালু হলে তাদের ভোগান্তি কমবে।
একইভাবে ঢাকাগামী বাস চালু হলে শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ও ব্যক্তিগত প্রয়োজনে সহজে রাজধানীতে যাতায়াত করতে পারবেন।
এতে যাতায়াতের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান জানান, শিক্ষার্থীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করেই এ স্মারকলিপি দেওয়া হয়েছে।
লাকসাম ও চৌদ্দগ্রাম রুটে বাস চালু হলে ওই এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি ঢাকাগামী বাস চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থীই এর সুফল পাবেন।
দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: