[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

হাইকোর্টের রায়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পথ পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের দাবিতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

ফলে নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন। রিটকারীদের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, রিটটি সরাসরি খারিজ হওয়ায় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। দেশের আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

এর আগে চারজন পরীক্ষার্থী ৩০ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন তারিখ নির্ধারণের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিলেন। ওই রিটে জনপ্রশাসন সচিব, পিএসসি চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।

৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ সংখ্যক—৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর