পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চালু হয়েছে একটি নতুন পরিবেশবান্ধব উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং এসডিজি ক্লাবের ব্যবস্থাপনার কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পেপার রিসাইক্লিং বক্স স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে কাগজের অপচয় কমানো, সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রিসাইক্লিং বক্সগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নওগাঁ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী।
বক্তারা পরিবেশ রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন ক্লাবের উপদেষ্টা ও সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও কর্মসূচিতে অংশ নেন।
পরিবেশ এবং এসডিজি ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, কাগজ পুনর্ব্যবহারের এই উদ্যোগ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিশেষ করে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন (এসডিজি ১২) এবং জলবায়ু কার্যক্রম (এসডিজি ১৩) বাস্তবায়নে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্য উপদেষ্টা নাহিদা ইসলাম মৃদুলা বলেন, আমরা যাকে বর্জ্য মনে করি, সেটিই নতুন সম্ভাবনার উৎস হতে পারে—এই উদ্যোগ আমাদের সেই বার্তাই দেয়। সবাই মিলে সচেতন হলে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।
এই কর্মসূচির মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি একটি পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর
মন্তব্য করুন: