মানুষের চিন্তা ও মানসিকতায় পরিবর্তন না এলে কোনো সংস্কারই কার্যকর ফল বয়ে আনতে পারে না—এমন মত দিয়েছেন এক সমন্বিত দুর্নীতিবিরোধী সেমিনারের বক্তারা।
তারা বলেন, সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি সর্বাগ্রে প্রয়োজন মানুষের চেতনায় ইতিবাচক পরিবর্তন।
সম্মিলিত দেশপ্রেমিক শক্তি (সদেশ)-এর উদ্যোগে আয়োজিত ‘সৎ পরিবেশ গঠনে সমন্বিত প্রয়াস’ শীর্ষক এই সেমিনারে বক্তারা এসব মতামত তুলে ধরেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব মুহাম্মদ আবদুর রহীম চৌধুরীর সঞ্চালনায় এবং ড. মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহিল আমান আজমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান বীরবিক্রম।
অনুষ্ঠানে ‘দেশে সৎ পরিবেশ গঠনে সমন্বিত উদ্যোগ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লে. কর্নেল আবু ইউসুফ যোবায়ের উল্লাহ।
বক্তারা বলেন, উন্নত দেশগুলো নৈতিকতা ও চেতনাগত দিক থেকে এগিয়ে থাকায় তারা টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে।
অন্যদিকে আমাদের সমাজে বহু মানুষ পরোক্ষ ও অনৈতিক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করেন না, ফলে এসব কাজে যুক্ত হলেও তাদের মধ্যে অপরাধবোধ সৃষ্টি হয় না।
তারা আরও বলেন, মানুষের মানসিকতায় যদি এসব কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করা যায়, তবে অপরাধবোধ জাগ্রত হবে এবং এর মাধ্যমে ধীরে ধীরে অপরাধ ও দুর্নীতির মাত্রা কমে আসবে।
আলোচনায় বক্তারা বলেন, সৎ পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিকতা, শৃঙ্খলা ও সততার চর্চায় অভ্যস্ত করে তুলতে হবে। চীন ও জাপানের মতো দেশের উদাহরণ টেনে তারা শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন।
একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় যুক্ত কেন্দ্রীয় নেতৃত্ব ও নীতিনির্ধারকদের শতভাগ সততার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নেতৃত্ব নিজেরাই সৎ না হলে কোনো সংস্কারই বাস্তবে কার্যকর হবে না।
সেমিনারে অপরাধ ও দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, পাশাপাশি অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সুমন কুমার রায়, জিন্নাত আরা ইফা, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এসআর
মন্তব্য করুন: