প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে এক দফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
চূড়ান্ত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থানে চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন এবং গণজমায়েত করার কথা জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র আব্দুর রহমান।
তিনি জানান, এর আগে সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অধ্যাদেশ জারি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি জানতে সচিবালয়ে বৈঠক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর অধ্যাদেশটি কেবিনেট ডিভিশনে পাঠানো হয়েছে।
সেখান থেকে অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করা হবে এবং বৃহস্পতিবার তা কেবিনেট সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
অধ্যাদেশ মঞ্চ সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহায়তায় চারটি মঞ্চ তৈরি করা হবে। এর মধ্যে একটি থাকবে ভাসমান ট্রাকমঞ্চ হিসেবে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজ এলাকায় এক বা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ এলাকায় একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি মঞ্চ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভাসমান মঞ্চটি সাতটি ক্যাম্পাসের সামনে ঘুরে নির্ধারিত সময়ে জনসভা করবে
তিনি আরও বলেন, এসব সমাবেশে বর্তমান সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে সাংস্কৃতিক আয়োজনও যুক্ত হতে পারে।
কেবিনেট সভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, সেদিন কোনো নেতিবাচক অগ্রগতি এলে তাৎক্ষণিকভাবে ‘মার্চ ফর যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে ইতিবাচক আপডেট পাওয়া গেলে বৃহস্পতিবার চারটি অধ্যাদেশ মঞ্চ থেকে শিক্ষার্থীরা একযোগে সাইন্সল্যাবে ভাসমান মঞ্চে জড়ো হবে এবং সেখান থেকে রাজধানীজুড়ে আনন্দ মিছিল বের করা হবে।
এসআর
মন্তব্য করুন: