ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করে রোববার (১৮ জানুয়ারি) খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাদেশটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে সাধারণ জনগণের মতামত সংগ্রহ, শিক্ষক–শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়।
এতে আরও বলা হয়, অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন পক্ষের যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় রেখে একটি কার্যকর কাঠামো নির্ধারণ করাই ছিল বিভাগের মূল উদ্দেশ্য। সবার সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণেই এই জটিল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি টেকসই ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ব্যাহত করতে পারে। এ কারণে অধ্যাদেশটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়—এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় আশাবাদী যে পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার এই ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা সম্ভব হবে, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
এসআর
মন্তব্য করুন: