[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ব্যাংকে ৩ লাখ টাকার কম থাকলে লাগবে না আবগারি শুল্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৫ ১০:০৪ এএম

সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্য এসেছে কিছুটা স্বস্তির খবর।

এখন থেকে ব্যাংকে বছরে মোট জমার পরিমাণ তিন লাখ টাকার কম হলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। আগে এই সীমা ছিল এক লাখ টাকা, যার বেশি হলে ১৫০ টাকা শুল্ক দিতে হতো।

সোমবার (২ জুন) বিকেলে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, জনসাধারণকে স্বস্তি দিতে আবগারি শুল্কের সীমা বাড়ানো হয়েছে।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, “এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত এ বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে তৈরি হয়েছে।

এবারের বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম—বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হলো।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।

অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও হ্রাসের ধারা দেখা যাচ্ছে। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো এই ধারা ধরে রাখা এবং রাজস্ব আহরণ বাড়ানো।”

বাজেটের মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বিস্তৃতকরণ এবং অবকাঠামো উন্নয়নে। 

এসআর

সম্পর্কিত খবর