[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

ঈদের আগেই আসছে নতুন নোট: বাজারে মিলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নকশা পরিবর্তন করা সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৫ ৬:১৩ এএম

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতোমধ্যে এসব নোট ছাপার কাজ শুরু করেছে। ঈদের আগেই সীমিত পরিসরে এই নতুন নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক সাক্ষাৎকারে বলেন, “ঈদের আগেই নতুন নোট বাজারে আনার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ছাপার কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে কোন নোট কবে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।”

সূত্র জানায়, নতুন নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। পরিবর্তে আগের নকশা এবং ‘জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি’ ফিরে আসছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০ টাকার নোটের ছাপার কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহে এটি বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপরের সপ্তাহে হস্তান্তর করা হবে ৫০ ও ১,০০০ টাকার নোট।

প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখায় এসব নোট সরবরাহ করা হবে। এরপর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনগণের হাতে পৌঁছাবে নতুন নোট। তবে চাহিদার তুলনায় ছাপার পরিমাণ তুলনামূলক কম, তাই সীমিত সংখ্যায় এসব নোট ছাড়া হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে বিতর্কের জেরে গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে। এতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নতুন নোট বিনিময় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়। পাশাপাশি শাখাগুলোতে মজুদ রাখা নতুন নোট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। এর ফলে গত কয়েক মাস ধরে বাজারে নতুন নোটের সরবরাহ বন্ধ ছিল এবং পুরোনো ও ক্ষতিগ্রস্ত নোটের প্রভাব বাড়তে থাকে।

নতুন নোট ছাড়ার মাধ্যমে এবার সেই ঘাটতি কিছুটা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর