পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২০ মে পর্যন্ত মোট ২৬২ কোটি ২০ লাখ ডলার দেশে এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ৩২ হাজার কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অবৈধ হুন্ডি লেনদেন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ঈদুল আজহাকে ঘিরে আগামী দিনগুলোতে এ প্রবাহ আরও বাড়তে পারে বলেও তারা আশা করছেন।
চলতি অর্থবছরের শুরু থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে প্রায় ৩১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে।
এসআর