পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত নগদ টাকা রাখা এবং নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে
বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে গ্রাহকদের সেবা সচল রাখার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া এটিএম বুথে কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করা, সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বুথ পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পিওএস ও কিউআর কোডের মাধ্যমে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করাসহ জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে বলা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক লেনদেনে 'টু ফ্যাক্টর অথেনটিফিকেশন' ব্যবস্থা চালু রাখার পাশাপাশি এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ বজায় রাখতে বলা হয়েছে।
ঈদের ছুটির দিনগুলোতে গ্রাহক হয়রানি রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বক্ষণিক হেল্পলাইন সচল রাখা এবং যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশনা দিয়ে এই চিঠি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এসআর