পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিনের সাধারণ ছুটিতে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, সরকারি ছুটির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন, উৎসব ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে কিছু শিল্পাঞ্চলে অবস্থিত নির্দিষ্ট ব্যাংক শাখা সীমিত সময়ের জন্য চালু রাখা হবে।
যেসব এলাকায় ব্যাংক সীমিত সময় খোলা থাকবে
ঢাকা মহানগরী
আশুলিয়া
টঙ্গী
গাজীপুর
সাভার
ভালুকা
নারায়ণগঞ্জ
চট্টগ্রাম
সীমিত সময়সূচি
অফিস খোলা: সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত
লেনদেন: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
এই বিশেষ ব্যবস্থা ২৫ ও ২৬ মে কার্যকর থাকবে।
এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত জরুরি ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের দিন ছাড়া ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।
এসআর