[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ৪:৪০ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মালিকানা জনগণের হাতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বর্তমান পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রা পেয়েছে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীতে অবস্থিত দারুস সালাম জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন। পরে পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।


অর্থমন্ত্রী বলেন, মানুষের স্বাধীন ও স্বস্তির পরিবেশ না থাকলে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব নয়। বর্তমানে মানুষ তুলনামূলক মুক্ত পরিবেশে রয়েছে বলেই এবারের উৎসবে বাড়তি আনন্দ অনুভূত হচ্ছে।


তিনি আরও বলেন, দেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা, মতপ্রকাশ এবং সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে—সেই পরিবেশ বজায় রাখা জরুরি। একইসঙ্গে এই পরিস্থিতি ধরে রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা অব্যাহত থাকুক।

সবাইকে তিনি ঈদের শুভেচ্ছা জানান।

এসআর

সম্পর্কিত খবর