[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব নিলেন নতুন গভর্নর মোস্তাকুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংক–এ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছালে ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।


সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, ‘আগে কাজ, পরে কথা।’ এরপর তিনি নিজ দপ্তরে যান।

দায়িত্ব নেওয়ার পরপরই ডেপুটি গভর্নরদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেন এবং পরে নির্বাহী পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে তার সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।


সরকার সম্প্রতি চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেয়। এর আগে এ পদে ছিলেন ড. আহসান এইচ মনসুর। কর্মকর্তাদের চলমান অসন্তোষের প্রেক্ষাপটে নেতৃত্বে পরিবর্তন আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


ব্যবসায়ী পরিচিতি থেকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আসা মোস্তাকুর রহমান রপ্তানিমুখী পোশাক খাতের প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও যুক্ত ছিলেন।

অতীতে গভর্নর পদে অর্থনীতিবিদ বা আমলাদের নিয়োগ দেওয়ার নজির থাকলেও এবার একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে।


শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে পূর্ববর্তী গভর্নরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।


এদিকে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংকঋণ পুনঃতপশিল সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠনের আবেদন করা হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংক নির্ধারিত শর্তে তা অনুমোদন দেয়।

বর্তমানে ওই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অঙ্কের ঋণ স্থিতি রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর