[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এলপিজির দাম কমলো, অটোগ্যাসেও স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ এএম

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা।


চলতি মাসের শুরুতে, ২ ফেব্রুয়ারি, এলপিজির দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। সর্বশেষ সমন্বয়ে সেই বাড়তি দামের একটি অংশ সমন্বয় করে কমানো হলো।


জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখতে কর কাঠামোয়ও পরিবর্তন আনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে।

পাশাপাশি আমদানির সময় ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সমন্বয়ের প্রভাবেই দাম কিছুটা কমেছে।


এদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারির জন্য প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২৮ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।
নতুন দরে ভোক্তারা সামান্য হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর