বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ‘আমরা নারী’র যৌথ আয়োজনে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে হেড অফিস ও ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন The Directorate General of Health Services (ডিজিএইচএস)-এর সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার এবং National Institute of Cancer Research and Hospital (এনআইসিআরএইচ)-এর সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বুশরা নূর আল চৌধুরী।
ডা. খাদেমুল বাশার বলেন, ক্যান্সার বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য ইস্যুতে পরিণত হয়েছে। সময়মতো রোগ নির্ণয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনাচরণ ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অনেক ধরনের ক্যান্সারের সফল চিকিৎসা সম্ভব।
ডা. বুশরা নূর আল চৌধুরী বলেন, রক্তজনিত জটিলতা ও ক্যান্সার সম্পর্কিত লক্ষণ দ্রুত শনাক্ত করা গেলে ঝুঁকি কমানো যায়। তাই উপসর্গ অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নিয়মিত স্ক্রিনিংকে তিনি কার্যকর প্রতিরোধ কৌশল হিসেবে উল্লেখ করেন।
ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব সিআরএম হাসি রানী বেপারী এবং ট্রেনিং একাডেমির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এইচ এম মেহেদী হাসান।
‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন। স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
আলোচনায় ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কারণ, প্রতিরোধব্যবস্থা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সচেতন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এসআর
মন্তব্য করুন: