খুব অল্প সময়ের ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি এসেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ৮২ টাকা। ফলে নতুন করে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দর কার্যকর হবে। সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার ঘোষিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, এর আগে শনিবার সকালেই স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
চলতি বছরে এ নিয়ে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৫ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৯ বার বেড়েছে এবং ৫ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন করা হয়েছিল মোট ১৩ বার।
এসআর
মন্তব্য করুন: