[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার বাণিজ্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ৮:১০ পিএম

সংগৃহীত ছবি

মাসব্যাপী আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থানীয় বাজারে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

মেলা কর্তৃপক্ষের তথ্যমতে, দেশি ও বিদেশি মিলিয়ে অংশগ্রহণকারী ৩২৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্য রপ্তানি আদেশ এসেছে প্রায় ১৭ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ দশমিক ২৬ কোটি টাকা।

বহুমুখী পাটজাত পণ্য, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স, প্রসাধনী ও হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, হোম টেক্সটাইল, নকশিকাঁথা ও বিভিন্ন ধরনের ফেব্রিক্সে এসব রপ্তানি আদেশ পাওয়া গেছে। পণ্যগুলো আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্কে রপ্তানি করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রেস্তোরাঁসহ মেলার সার্বিক কার্যক্রমে স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকার বাণিজ্য হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য, এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ছয়টি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর