দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি
দীর্ঘদিনের লোকসান কাটিয়ে চলতি ২০২৫-২৬ হিসাব বছরে লাভের মুখ দেখেছে। বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ব্যবসায়িক আয় বাড়ার পাশাপাশি শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) ইতিবাচক অবস্থানে ফিরেছে।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
আর্থিক অবস্থার মূল চিত্র:
ব্যবসায়িক আয়: চলতি বছরের প্রথমার্ধে এসিআইয়ের মোট আয় হয়েছে ৭ হাজার ৭৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৬ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ১৭.৭৪ শতাংশ।
নিট মুনাফা: জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি ৩০ কোটি ২০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। উল্লেখ্য, গত বছরের একই সময়ে কোম্পানিটির প্রায় ৬৪ কোটি ৬০ লাখ টাকা লোকসান হয়েছিল।
শেয়ারপ্রতি আয় (EPS): গত বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি লোকসান যেখানে ৭ টাকা ৯৯ পয়সা ছিল, এবার তা কাটিয়ে ৭৩ পয়সা মুনাফা দাঁড়িয়েছে।
সম্পদমূল্য (NAVPS): ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯০ টাকা ৭০ পয়সা।
লভ্যাংশ ও শেয়ার কাঠামো:
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে এসিআই তাদের বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৪৬.৮৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং ৩৪.৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ১৮.৭৩ শতাংশ শেয়ার।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির বর্তমানে রিজার্ভে রয়েছে ৫৯১ কোটি ৬৫ লাখ টাকা।
এসআর
মন্তব্য করুন: