সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে বেতন কমিশন।
এই কাঠামো আগামী ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা থাকা সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তারও বেশি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ বেতন ধাপ বাড়িয়ে বিদ্যমান ৭৮ হাজার টাকা থেকে এক লাখ ২০ হাজার টাকার বেশি করার চিন্তাভাবনা রয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান বা অনুপাত দাঁড়াবে ১:৮।
এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তুতির অংশ হিসেবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
জানা গেছে, গত বছরের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাবে।
প্রস্তাবিত এই বেতন কাঠামোকে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ কমানোর একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নিম্নস্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বাড়তি জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হয়।
এসআর
মন্তব্য করুন: