[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জানুয়ারির প্রথম ১১ দিনেই ১৩৪ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ১:০৭ পিএম

সংগৃহীত ছবি

চলতি জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৫ লাখ ডলার।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারির প্রথম ১১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর এই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় ৭৩ কোটি ৭০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ৯০ লাখ ডলার।
আরিফ হোসেন খান আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৩ শতাংশ।
এদিকে, সদ্যসমাপ্ত ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক আয়। একই সঙ্গে এটি দেশের ইতিহাসে এক মাসে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবেও উল্লেখযোগ্য।

এসআর

সম্পর্কিত খবর