[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, সিঙ্গাপুরগামী ফ্লাইট ঢাকায় ফিরে এলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ৪:৩৪ এএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসে।

শুক্রবার (২৭ জুন) সকালে বিজি-৫৮৪ ফ্লাইটটি উড্ডয়নের পর প্রায় ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যার ইঙ্গিত পান পাইলট। নিরাপত্তার স্বার্থে তিনি বিমানটি ফিরে আনার সিদ্ধান্ত নেন।

বিমানটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এবং এতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন।

ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং ৮টা ৫৯ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে বিমানটি বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করে জানান, “সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন এবং কাউকে কোনো আঘাত লাগেনি।”

ঘটনার পর সম্ভাব্য বার্ড স্ট্রাইকের আশঙ্কায় রানওয়ে পরিদর্শন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সেখানে কোনো পাখি বা অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কারিগরি পর্যালোচনা শেষে ফ্লাইটটি পুনরায় পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এসআর

সম্পর্কিত খবর