[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঢাকা থেকে পুরোনো যানবাহন সরাতে মাঠে নামছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ৪:১০ পিএম

বায়ুদূষণ রোধে রাজধানী ঢাকা থেকে পুরোনো বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান অপসারণে কার্যক্রম শুরু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩০ এপ্রিল) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার পুরোনো যানবাহনের কারণে পরিবেশ দূষণ ও সড়কে নিরাপত্তাহীনতা বাড়ায় এসব যান রাজধানী থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী মে মাস থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস, এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান রাজধানী থেকে সরিয়ে নিতে হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

এর আগেও সাবেক আওয়ামী লীগ সরকারের সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মালিকদের বাধায় তা বাস্তবায়ন হয়নি।

এবারও মালিকদের সাড়া না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মতে, পুরোনো যান অপসারণের দায়িত্ব মূলত পরিবহন মালিকদের ওপরই বর্তায়। বিআরটিএ’র তথ্য অনুযায়ী, সারা দেশে বর্তমানে প্রায় ৭৫ হাজারের বেশি বাস, ট্রাক ও কাভার্ডভ্যান যানবাহনের নির্ধারিত মেয়াদ অতিক্রম করেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব পুরোনো যানবাহন কেবল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না, একই সঙ্গে পরিবেশেও মারাত্মক প্রভাব ফেলছে। 

এসআর

সম্পর্কিত খবর