[email protected] শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ১:১৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর তিনটি পৃথক এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনে বিহারি মিল্লাত ক্যাম্পের কাছে সড়কে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বাসটি প্রায় পাঁচ দিন ধরে ওই সড়কে রাখা ছিল। সড়কে বাস পার্কিং না করতে মালিকদের আগেই সতর্ক করা হয়েছিল। এ জন্য ভাষানটেকে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়।

তারপরও বাসটি সেখানে রাখা হয়েছিল। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এরপর রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডা এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে কালশী সড়কের সিরামিক এলাকার সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। যাত্রী নামিয়ে বাসটি স্ট্যান্ডে ফেরার পথে এ ঘটনা ঘটে। এতে বাসের আসন ও ছাদের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

ওসি জালাল উদ্দিন জানান, বাসচালকের বক্তব্য অনুযায়ী, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত করছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর