পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, উন্নত মানের ছোলা প্রতি কেজি ১২০ টাকা এবং তুলনামূলক সাধারণ মানের ছোলা ১১০ টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ছোলার ডালের কেজিও বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। কিছু দোকানে এর চেয়েও বেশি দাম চাওয়া হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দর বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। মালিবাগের এক বিক্রেতা জানান, মাসের শুরুতে যে ছোলা ৯৫ টাকায় বিক্রি করতেন, বর্তমানে সেটি ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কেনার দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
কদমতলীর আরেক ব্যবসায়ী জানান, আগে ভালো মানের ছোলার ৩০ কেজির বস্তা কিনতে খরচ হতো ৩ হাজার ৮০ টাকা। বর্তমানে একই বস্তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২০ টাকায়। পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যেও ছোলার মূল্যবৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির সর্বশেষ হিসাবে রাজধানীতে প্রতি কেজি ছোলার দাম ১১০ থেকে ১২০ টাকা। এক মাস আগে সর্বনিম্ন দাম ছিল ১০০ টাকা। অর্থাৎ এ সময়ে পণ্যটির গড় দাম বেড়েছে প্রায় ৯ দশমিক ৫২ শতাংশ।
রমজান সামনে রেখে ছোলার দাম বাড়ার প্রবণতা প্রতিবছরই দেখা যায়। তবে এবার উৎসবের মৌসুম শুরু হওয়ার অনেক আগেই দাম বাড়তে থাকায় বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা। তাদের মতে, সরবরাহ ও আমদানির প্রকৃত পরিস্থিতি যাচাইয়ের পাশাপাশি মজুত ও বিক্রয়ব্যবস্থায় নজরদারি বাড়ানো জরুরি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজার তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেন। রমজান ঘনিয়ে আসার আগেই ছোলার দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তিনি বলেন, আমদানি পর্যায়ে ছোলার প্রকৃত দাম কত, তা যাচাই করা দরকার। বাজারে বিভিন্ন মানের ছোলা রয়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং মূল্য বৃদ্ধির কথা বলা হলেও সব ধরনের ছোলার ক্ষেত্রে একই হারে দাম বেড়েছে কি না, সেটিও পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্য কেনাবেচা, মজুত এবং সরবরাহের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
ক্যাব সভাপতি আরও বলেন, রমজানের প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে সরকারকে আগেভাগেই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা উচিত। শুধু খুচরা বাজারে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; আমদানি থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে নজরদারি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে আমদানি করা ছোলার বড় অংশ আসে অস্ট্রেলিয়া থেকে। এছাড়া ভারত থেকেও কিছু ছোলা আমদানি করা হয়। স্বাভাবিক সময়ে দেশে প্রতি মাসে ছোলার চাহিদা ১০ থেকে ১২ হাজার টন থাকলেও রমজানে তা বেড়ে প্রায় ৮০ হাজার থেকে এক লাখ টনে পৌঁছায়। বাড়তি চাহিদা পূরণে ব্যবসায়ীরা সাধারণত রমজানের কয়েক মাস আগে থেকেই আমদানি ও মজুতের প্রস্তুতি নেন।
আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে বুকিং মূল্য বৃদ্ধি, জাহাজ ভাড়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের বাজারে ছোলার দাম বাড়ছে। রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, প্রতি টন ছোলার বুকিং মূল্য একপর্যায়ে ৮৫০ ডলার পর্যন্ত উঠেছিল। বর্তমানে কিছুটা কমলেও তা ৮০০ ডলারের ওপরে রয়েছে।
বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফি মাহমুদ বলেন, দেশে ছোলার আমদানি পরিস্থিতি সন্তোষজনক। তবে আন্তর্জাতিক বাজারে বুকিং মূল্য ৬৫০ ডলার থেকে বেড়ে ৭০০ ডলারে পৌঁছায়। পরে তা আরও বেড়ে ৮০০ ডলারের ওপরে উঠেছে। এর সঙ্গে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় স্থানীয় বাজারে প্রভাব পড়ছে।
এদিকে রমজানের আগেই ছোলার দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। তেজগাঁওয়ের বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, রোজা শুরু হতে এখনো তিন মাস বাকি থাকলেও এরই মধ্যে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। প্রতিবছর রমজানের আগে নিত্যপণ্যের বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়। তাই সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে সরকারকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভোক্তাদের প্রত্যাশা, রমজানকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারেন, সে জন্য আমদানি, মজুত ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে নজরদারি জোরদার করা হবে।
এফ/ডি