[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রের মুখে ছিনতাই, লুটের শিকার ৫০-৬০ যানবাহন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ১১:২৭ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সশস্ত্র ডাকাতদের তৎপরতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হিমছড়ি ঢালা এলাকায় একই দিনে দুই দফায় ডাকাতির ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা লুটপাটের শিকার হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে প্রথম ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় হিমছড়ি ঢালায় ডাকাত দলের কবলে পড়েন।

সশস্ত্র দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে তাঁকে জিম্মি করে মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

একই দিন দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটে।

এবার ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘মুক্তি’র ঈদগড় শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিমসহ কয়েকজন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা।

তাঁদের কাছ থেকে মুঠোফোন ও নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ছাড়া ডাকাতদের মারধরে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও বনদস্যু চক্রের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে শুষ্ক মৌসুম ও শীতের সময় ডাকাতির ঘটনা বেড়ে যায়। এ সময়ে কৃষিপণ্য কেনাবেচা এবং চকরিয়া ও কক্সবাজার থেকে পাইকারি পণ্য পরিবহনের কারণে ব্যবসায়ীদের যাতায়াত বাড়ে।

তাঁদের সঙ্গে নগদ অর্থ থাকার সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ডাকাতি করে বলে অভিযোগ রয়েছে।

তবে শীত মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এসআর

সম্পর্কিত খবর