[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে হামলা, ১৩ দিন পর মৃত্যু রাফির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১:২৬ পিএম

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় হামলার শিকার হয়ে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার ১৩ দিন পর রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

রাফির মা তানিয়া আক্তার জানান, সকাল ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনও।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন গভীর রাতে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি।

ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা তার মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।


ঘটনার পর একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবুর (৩২) পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হামলা সংঘটিত হয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পারভেজ একসময় রাফিদের বাসার ভাড়াটিয়া ছিলেন।

মাদক ব্যবসা নিয়ে বিরোধের সূত্র ধরে রাফির সঙ্গে তার এবং সহযোগীদের দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে রাফিকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল।


পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত সোয়া ১টার দিকে পারভেজ, ফয়সাল ওরফে কালু, বাবু এবং তাদের সহযোগী আমিন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। রাফি সেখানে পৌঁছালে তার গতিরোধ করে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার পর অভিযুক্তরাই আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে দেয়। একই সময় তাদের একজন রাফির মোটরসাইকেলটি সরিয়ে নেয়।

পরে স্থানীয়দের বিভ্রান্ত করতে হামলাকারীরা প্রচার করে যে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে তিনি আহত হয়েছেন।


ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর