[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ্যে শহীদ মিনারে গুলিবিদ্ধ সেই যুবকের মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ৫:১৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত রাকিব (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শহীদ মিনারের ওপরের অংশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।


ঘটনার পর স্থানীয় লোকজন সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক যুবকের নাম সিহাব হোসেন। তার বাড়ি খুলনায় বলে জানা গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রত্যক্ষদর্শী জিএম ইশান জানান, রাতে কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন তারা।

এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে গিয়ে দেখা যায়, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।


নিহতের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিব কয়েকজন বন্ধু ও বান্ধবীর সঙ্গে শহীদ মিনারের পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়।

কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সেখানে গিয়ে দেখা যায় রাকিব মাটিতে পড়ে আছেন। তার মাথায় গুলির আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ক্ষত ছিল।


পরবর্তীতে ঘটনাস্থলে থাকা লোকজন দৌড়ে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে ফেলে। বর্তমানে তিনি শাহবাগ থানা হেফাজতে রয়েছেন।


জানা গেছে, নিহত রাকিব পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পুরান ঢাকার নিমতলি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনার এলাকায় রাকিব নামে এক যুবক গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর