[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

টঙ্গীতে বিস্ফোরণ : আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৮:১৩ এএম

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮)। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করার সময় বিস্ফোরণে নুরুল হুদা মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে আজ তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করা এই সাহসী যোদ্ধার মৃত্যুতে সহকর্মীসহ পুরো ফায়ার সার্ভিস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগের দিন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ। তার শরীরেরও ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন—এর মধ্যে একজনের শরীরের ৪২ শতাংশ ও অন্যজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর