[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হঠাৎ কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫৩ এএম

সংগৃহীত ছবি

সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায় হঠাৎ করেই কুয়াশা নেমে আসতে শুরু করেছে।

দিনের বেলা গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী সুর।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার সড়ক ও গ্রামীণ জনপদ ঘন কুয়াশায় ঢেকে যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢাকা ছিল সাদা ধূসর আস্তরণে। এ সময় জনজীবনে ফিরে আসে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমেছে শিশির, ধানের ডগায় ঝরছে শিশিরবিন্দু।

তেঁতুলিয়া সদর উপজেলার নুরে আলম সিদ্দিকী বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে, এবার অনেক আগে ভাগেই শীত নামবে।”

একই অভিজ্ঞতার কথা জানালেন স্থানীয় স্বপন আহমেদ। তিনি বলেন, “কয়েক দিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশা নামতে দেখেছি। তবে আজ সকালে চারপাশ একেবারেই সাদা কুয়াশায় ঢাকা পড়েছিল। পরে সকাল ৮টার দিকে সূর্যের দেখা মেলে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন, “মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এর ফলেই হঠাৎ কুয়াশা ঘনিয়ে আসছে এবং শীতের আগমনী বার্তা দিচ্ছে। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।”

তিনি আরও জানান, শুক্রবার জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর ৬টায় তা নেমে আসে সর্বনিম্ন ২৫ দশমিক ২ ডিগ্রিতে।

এসআর

সম্পর্কিত খবর