[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে চাঁদ দেখা গেছে, ৭ জুন শনিবার ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে ২০২৫ ১১:৩৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে বুধবার (২৮ মে) সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামী ৭ জুন (শনিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী, ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ অনুযায়ী ৭ জুন ঈদ উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত, যেখানে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি দিয়ে থাকেন।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার (২৭ মে) সৌদি আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে এবং ৫ জুন পালন করা হবে আরাফাত দিবস।

এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ৬ দিনের নির্ধারিত ছুটি ঘোষণা করেছে। তবে দুই দিন অফিস করার শর্তে কর্মজীবীরা পাবেন ১০ দিনের টানা ছুটি।

এর অংশ হিসেবে সরকার ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে, যা পূরণ করতে ১৭ ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখা হয় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এতে করে ঈদের ছুটি, অতিরিক্ত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কর্মজীবীরা টানা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর