মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন।
প্রথম দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে সিরাজদিখান এলাকার নিমতলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি লোকাল বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস চালকের সহকারী ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকায়।
সেখানে ঢাকামুখী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও চালকের সহকারী নিহত হন।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারেনি, যা এ ধরনের দুর্ঘটনার কারণ হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের কিছু অংশে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে।
এসআর