[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ১২ দিনের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৭:১৪ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা।

চিরকুট  দুই ব্যক্তিকে উদ্দেশ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পছন্দমতো ভালো-মন্দ খাবার খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনি ডাক্তার (৪২) নামের দুই ব্যক্তির বাড়িতে এসব সামগ্রী পাওয়া যায়। বাচ্চু মালিথা ফকির মালিথার ছেলে এবং মনি ডাক্তার জসিম উদ্দিনের সন্তান।

 

স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা বাড়ি দুটিতে এসব জিনিস রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির বিভিন্ন স্থানে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

 

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

 

অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

 

মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান। কারা এসব রেখে গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ঘটনার পেছনের কারণ সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও আপাতত বিস্তারিত বলতে রাজি হননি তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছেন বলেও জানান। বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে থানায় যান।

 

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, বুধবার সকালে চরসাদিপুরের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি পুলিশ জানতে পেরেছে। তিনি তখন কুষ্টিয়ায় একটি সভায় অবস্থান করছিলেন। ভুক্তভোগীদের থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন।

এফ/ডি

সম্পর্কিত খবর