কুমিল্লায় ঝাড়ফুঁকের কথা বলে ঘরে ঢুকে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের পর মা ও মেয়েকে
শ্বাসরোধে হত্যার দায়ে একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াছির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার বাহানায় একটি বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ করেন। এ ঘটনা দেখে তার মা তাহমিনা বেগম প্রতিবাদ করলে মোবারক মা ও মেয়ে দুজনকেই শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
পরবর্তীতে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের পর ৯ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ধর্ষণ ও ডাবল মার্ডারের দায় স্বীকার করেন।
দ্রুততম সময়ে বিচারকাজ শেষ:
পুলিশি তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র ২ মাস ১৫ দিনের মাথায় বিচারপ্রক্রিয়া শেষ করে আদালত এ রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান, সাক্ষ্য-প্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আদালত সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
এইচ/এম