[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে বাসে আগুন, শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৭:৫৪ পিএম

সংগৃহীত ছবি

মানিকগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরপর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর কাঁচাবাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাসের চালক ও সহকারী আগুন নিয়ন্ত্রণে এনে গাড়িটি সেখান থেকে সরিয়ে নেন।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাদের ধাওয়া করলেও আটক করতে পারেননি। ঘটনার পর আতঙ্কিত চালক ও সহকারী দ্রুত বাসটি সরিয়ে নেওয়ায় তাৎক্ষণিকভাবে প্রশাসনকে বিষয়টি জানানো হয়নি বলে তারা শুনেছেন।

 

এর পরদিন ৯ নভেম্বর রাত ৮টার পর মানিকগঞ্জ শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় রাজ হোটেলের সামনে মহাসড়কের পাশে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া শহরের অন্য কয়েকটি স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

এসব ঘটনার পর শহরের কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটে। ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হননি বলে জানান স্থানীয়রা।

 

এদিকে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু লাইভ বক্তব্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এসব বক্তব্যে ১০ নভেম্বর অফিস-আদালতের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির এমন প্রচারণা স্বাভাবিক জনজীবন ও প্রশাসনিক কার্যক্রমে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

 

স্থানীয়দের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির নানা প্রচারও দেখা যাচ্ছে। অন্যদিকে, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের তৎপরতা এবং প্রশাসনের নজরদারি অব্যাহত থাকার কথা বলা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

মানিকগঞ্জের বাসিন্দারা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য বা কর্মসূচির কারণে সাধারণ মানুষের জানমাল, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়া উচিত নয়। তারা অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

প্রশাসনের পক্ষ থেকে নাশকতা প্রতিরোধে তৎপর থাকার কথা জানানো হয়েছে। তবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্ত কিংবা গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

স্থানীয়দের প্রত্যাশা, এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক উত্তেজনার প্রভাব যেন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে না পড়ে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ চান তারা।

এফ/ডি

সম্পর্কিত খবর