কুমিল্লার চৌদ্দগ্রামে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা দেশের সুনাম ও ভাবমূর্তি তুলে ধরবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
প্রতিযোগিতা শেষে গতকাল বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। সভাপতিত্ব করেন সংগঠনটির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম আলহাজ শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং আলহাজ মোশারফ হোসেন জিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি সাইয়েদ আবদুল আউয়াল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, গুনবতী জামিয়া ফারুকীয়ার পরিচালক মাওলানা ইসমাইল, মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি জালাল উদ্দিন, কনকাপৈত জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদ হাসান, বাঘারপুস্করণী মাদরাসায়ে ইসলামিয়ার মুহতামিম মাওলানা খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা পর্ব শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ যাকারিয়া বলেন, শিশুদের কোরআনে কারিম ও ধর্মীয় শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রহার ও নির্যাতনমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের মাদ্রাসাগুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এফ/ডি