পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায়
মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন; সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। সকাল-রাতের ঠান্ডা আর দুপুরের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে সর্দি, কাশি ও জ্বরের মতো মৌসুমি অসুস্থতায় ভুগছেন জেলার বাসিন্দারা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এ সমস্যা বেশি দেখা দেওয়ায় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীর ভিড় বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি এড়াতে চিকিৎসকেরা শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি গরম কাপড় ব্যবহার এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন। আবহাওয়া অফিস বলছে, আগামী দিনে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
এইচ/এম