[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

পতেঙ্গা-খেজুরতলা সৈকত উন্মুক্ত করে বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ৭:২৮ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত রেখে

 নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে পতেঙ্গায় আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে এবং খেজুরতলার স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রেখে তা একটি সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে তৈরি করা হবে। দেশি-বিদেশি পর্যটক আকর্ষণের পাশাপাশি পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করাই এ কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।

​রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে এক পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কর্মসূচিতে এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত উন্মুক্ত থাকবে। পর্যটকদের নিরাপত্তা, সেবার মান ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সিটি করপোরেশন ও গণমাধ্যমকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া পতেঙ্গা ও খেজুরতলার পাশাপাশি জেলার অন্যান্য সম্ভাবনাময় পর্যটন এলাকাগুলোকেও পর্যায়ক্রমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

​অনুষ্ঠানে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলা সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত- দুটোই উপভোগ করা সম্ভব। যৌথ সচেতনতামূলক এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটনের বিকাশে বড় ভূমিকা রাখবে।

​চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, পোশাকশিল্প, কৃষি ও রেমিট্যান্সের পাশাপাশি পর্যটন হতে পারে অর্থনীতির চতুর্থ বৃহৎ ভিত্তি। খেজুরতলাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয়ের পথ সুগম হবে।

​চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জেলা প্রশাসনের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করে বলেন, নিয়মিত এই অভিযান ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং পুরো চট্টগ্রাম জেলাকে পরিচ্ছন্নতার একটি অনুকরণীয় মডেলে পরিণত করা সম্ভব হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর