[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৬:৩৫ পিএম

সংগৃহীত ছবি

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আবারও বিক্ষোভের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার একদল শ্রমিক।

এ সময় কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন।

 

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে জরুন এলাকার দিকে আসেন। পথে তারা আশপাশের কয়েকটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। ওই সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।

 

পরিস্থিতি সামাল দিতে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে যান। পরে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বিকেল ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ে জড়ো হন। এ সময় তারা ছয় থেকে সাতটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর