[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষ কাটিয়ে স্বাভাবিক গাজীপুরের শিল্পাঞ্চল, চালু সব কারখানার উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ১:০৩ পিএম

সংগৃহীত ছবি

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের পর গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য।

মজুরি বৃদ্ধির বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির ঘোষণার পর আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। ফলে কারখানাগুলোতে আবারও স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলাবাজারসহ শ্রীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হন। সকাল থেকে কোথাও নতুন করে বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

শ্রমিকদের ভাষ্য, সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশ এবং তা কার্যকরের আশ্বাসের পর তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। বর্ধিত বেতন জানুয়ারি থেকে পাওয়ার প্রত্যাশা করছেন তারা।

 

প্যারাগন সোয়েটারের শ্রমিক রিনা আক্তার জানান, কয়েক দিনের অস্থিরতার পর তারা আবার কাজে ফিরেছেন। কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ করতে চান তারা। একই সঙ্গে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপনের জন্য ন্যায্য মজুরি বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।

 

মস্কো গ্রুপের মেশিন অপারেটর সুমন মিয়াও কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তার মতে, আন্দোলন ও সংঘর্ষের কারণে শ্রমিকদেরই বেশি ক্ষতির মুখে পড়তে হয়। মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শ্রমিকরা উপকৃত হবেন।

 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন এবং সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে অক্টোবরের শেষ দিকে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ৩১ অক্টোবর শ্রমিকদের বিক্ষোভ থেকে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এফ/ডি

সম্পর্কিত খবর