[email protected] শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের ব্যবস্থাপনায় এনসিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য একটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের কাছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রস্তাবিত কনসেশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে।

 

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের মাধ্যমে টার্মিনালটি পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে নির্বাচিত আন্তর্জাতিক অপারেটর ১৫ বছর এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

 

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় এনসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বন্দরকেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

 

এর আগে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবিতে বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। এ দাবিতে তারা মশাল মিছিল, গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।

 

এ বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হলে বিষয়টি কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। এর সঙ্গে রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের বিষয়ও বিবেচনায় নিতে হবে।

 

তিনি আরও বলেন, বন্দরের দক্ষতা বাড়ানোর জন্য বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। কাস্টমস ও আমলাতন্ত্রের সংস্কারের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া উচিত।

 

এদিকে একই বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসির মাধ্যমে সারটি আমদানি করা হবে। রাশিয়ার জেএসসি শচেকিনোআজট এ ইউরিয়া সারের প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে থাকছে।

এসআর

সম্পর্কিত খবর