মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা জনস্বার্থবিরোধী বলে সমালোচনা করেন, তারা সাধারণ মানুষের প্রকৃত স্বার্থের প্রতিনিধিত্ব করেন না।
বুধবার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং সমসংখ্যক কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। এছাড়া উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তারেক রহমান বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানোর মতো পদক্ষেপগুলো জনগণের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অর্থ পাচার রোধ করা গেলে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে অর্থের সংকট থাকবে না। অতীতে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে তিনি এ প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানান।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপি প্রধান বলেন, রাজনৈতিক অস্থিরতা ও ষড়যন্ত্র দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে পারে। তাই গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তারেক রহমান দাবি করেন, দলটি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের মানুষের প্রতি তাঁর অঙ্গীকারের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে চা শ্রমিক পরিবারের নারীদের গৃহনির্মাণ সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সমাপনী পর্বে তারেক রহমান বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এসআর