[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

আদিতমারীতে শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, প্রশাসনের যানবাহনে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৫:৪৩ পিএম

সংগৃহীত ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ক্ষুব্ধ স্থানীয়দের বিক্ষোভের সময় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ এবং প্রশাসনের কয়েকটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য ও সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি স্থানীয় বাসিন্দা নলিনী কান্তের মেয়ে নন্দিনী বলে জানা গেছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে প্রতিবেশী এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানাতে গেলে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়নি।


মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সন্দেহভাজনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষ সেখানে আটকা পড়ে যান।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতার সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। কিছু সাংবাদিকও পেশাগত দায়িত্ব পালনের সময় বাধার মুখে পড়েন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং পরে ক্ষতিগ্রস্ত বাড়িতে আটকে থাকা ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।


এদিকে, শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের অভিযোগ যথাযথভাবে গ্রহণ না করার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর