[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-নসিমন সংঘর্ষে চালক নিহত, আহত ৩

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে গরুবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমন-টমটমের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় পিকআপে থাকা কয়েকটি গরুও আহত হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি হলেন পিকআপচালক রাজিব (৩৫)। তিনি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে গরু ব্যবসায়ী হারুন মিয়াসহ আরও কয়েকজন রয়েছেন।

তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে ভৈরবের একটি পশুর হাটে গরু নিয়ে যাচ্ছিল পিকআপটি।

পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির খালি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে কয়েকটি গুরুতর আহত হলে মালিকের সম্মতিতে তাৎক্ষণিকভাবে সেগুলো জবাই করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


ঘটনার বিষয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর