নেত্রকোণা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ আরও সুশৃঙ্খল করতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা।
এ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সকল মোটরযান চালকদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে হবে। আগামী ১৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্টদের কার্ড সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ এপ্রিল ২০২৬ থেকে ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়া নেত্রকোণা জেলার কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও কার্ড সংগ্রহ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
এসআর