সুন্দরবন এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মান্দার গাজীর ছেলে।
স্থানীয় বনজীবীদের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো সকালে নির্দিষ্ট এলাকায় কাঁকড়া ধরতে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে এসে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।
পরে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আহত ব্যক্তি দুপুরের দিকে বন বিভাগের কাছে এলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পাশাপাশি বিষয়টি থানা পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
এসআর