[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ভূরুঙ্গামারীতে পৃথক মামলায় তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৮:৪৮ এএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য দুজন একটি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, সিআর ৩৪৫/২৪ নম্বর মামলার পলাতক আসামি শাহিন আলমকে (পিতা: আজমত আলী) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।

আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ৪ মার্চ আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন আলমের বিরুদ্ধে আগে এক বীর মুক্তিযোদ্ধার জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এ বিষয়ে বর্তমানে কোনো মামলা চলমান আছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে অন্য একটি মামলায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা শাহা আলী ও তার স্ত্রী জাহানারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা সেনাবাহিনীর সদস্য মো. জাহাঙ্গীর আলমের বাবা-মা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের বাসিন্দা আসমা আক্তারকে গোপনে বিয়ে করেন জাহাঙ্গীর আলম।

গত ২২ ফেব্রুয়ারি তিনি স্বামীর বাড়িতে গেলে তাকে মারধর করা হয় এবং তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ৩ মার্চ ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে অভিযুক্ত শাহা আলী ও জাহানারা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, পৃথক দুটি মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলবে।

এসআর

সম্পর্কিত খবর