[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সাচিং প্রু জেরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৬:২৫ পিএম

সংগৃহীত ছবি

বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।


স্থানীয় সূত্র ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর তথ্য অনুযায়ী, সোমবার (২ মার্চ) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় আগুনের সূত্রপাত হয়।

অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে বিপাকে পড়েন।


খবর পেয়ে পরদিন সকালে সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার ও দুই দোকান মালিককে ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেন।


এ সময় তিনি বলেন, দুর্যোগ বা অপ্রত্যাশিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা তাঁর দায়িত্ব। দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।


স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ঘর থেকে কিছু বের করতে পারেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।


এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে এলাকাবাসী মত প্রকাশ করেছেন।

এসআর

সম্পর্কিত খবর